চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি বাড়ান।
সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক থামিম আনসারিকে গ্রিন চ্যানেল পার হওয়ার পর সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
পরে তাকে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকানো ক্যাপসুল আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকেটসহ উদ্ধার করা স্বর্ণের ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম।
সিআইআইডি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণ থেকে প্যাকেটজাত উপকরণ অপসারণের পর প্রকৃত পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণ করা হবে। পরীক্ষা শেষে স্বর্ণের চূড়ান্ত ওজন ও মূল্য নিশ্চিত করা হবে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা হতে পারে।
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



