বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসা শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দিবাগত রাতে মাদরাসার হিফজ বিভাগের এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে পর্দার আড়ালে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শিক্ষক মাসুম বিল্লাহর বিরুদ্ধে।
ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা বাদী হয়ে গত ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়। তবে অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিনের অনুসন্ধান ও অভিযানের পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



