গতানুগতিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
শনিবার (১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষার ওপর নির্ভর করে দেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় আধুনিকায়ন প্রয়োজন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এ সময় ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা বক্তব্য দেন।



