ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হাসান (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে পশ্চিম আগানগর এলাকার বাঁশপট্টি বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে ঢাকায় এসে তিনি একটি ওয়াশিং কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় হাসান এলাকায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় সাগর, রিফাতসহ ৬ থেকে ৭ জন যুবক সেখানে এসে তাকে সিগারেট খাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধীন মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন যুবক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। পরে হাসানের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘সিগারেট কেন খেয়েছ’—এই প্রশ্নকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। পরে হামলাকারীরা হাসানের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় নিহতের পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাগর ও রিফাতসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশা করছে পুলিশ।



