বগুড়ার ধুনটে পৃথক দুটি নাশকতা ও বিস্ফোরক মামলায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার (১ আগস্ট) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামাণিকের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির একটি কর্মীসভায় ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগও উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
এ ছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি যুবদলের সাবেক নেতা রিপন শেখ আরেকটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ওই দুই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



