রাজধানীর মোহাম্মদপুরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানায়, মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। হামলা, ভাঙচুর, মাদক কারবার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সর্বশেষ গত দুই দিনে মোহাম্মদপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর এবং থানা এলাকায় সংঘর্ষের ঘটনায় পৃথক অভিযোগ ও মামলা করা হয়েছে।
গত ২৮ জুলাই রাতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের বি ব্লকের একটি ভবনের নিচতলায় স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী মো. আজমের অভিযোগ, ৬ থেকে ৭ জন ব্যক্তি কার্যালয়ে ঢুকে দেয়ালে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি ভাঙচুর করেন।
অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে হামলাকারীরা একজনকে আঘাত করেন এবং কার্যালয় সরিয়ে না নিলে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে লালমাটিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায়ও মামলা হয়েছে। মামলায় ফারহান ফুচকার দোকানি মুন্নাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, একটি ফুচকার দোকানের ভ্যানের ধাক্কাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



