চাঁদপুরের হাজীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে বহুতল ভবনের কেয়ারটেকার সেলিম মজুমদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
আটক সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে। তিনি পৌর এলাকার এক প্রবাসীর নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। পরে শিশুটি জানায়, দীর্ঘদিন ধরে তাকে ‘দাদা’ বলে ডাকার সুযোগে এবং চকলেট-খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে সেলিম।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, সংবাদ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



