অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের আট বিভাগের নয়টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে এবং বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর টাঙ্গাইল সদর, শিবগঞ্জ (বগুড়া), পঞ্চগড় সদর, ইসলামপুর (জামালপুর), শৈলকুপা (ঝিনাইদহ), নেছারাবাদ (পিরোজপুর), জুড়ী (মৌলভীবাজার), কুমিল্লা সদর ও টেকনাফ (কক্সবাজার) উপজেলায় নির্বাচিত ব্লকে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।
আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী, চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় এই কর্মসূচি চালু করা হবে।



