অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব নারীর কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। তিনি বলেন, এই আন্দোলনের বড় অংশীদার ছিলেন নারীরা, তাই তাদের কণ্ঠ ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় থাকা অনেক নারীকে পরবর্তীতে রাজনীতির মাঠে আর দেখা যায়নি। নানা সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে অনেকেই সক্রিয় রাজনীতি থেকে সরে গেছেন। তবে দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে দেখা হয়েছে এবং তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এখনও প্রবল।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে অনলাইন বা সাইবার বুলিং বেড়েছে, বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সক্রিয় হতে চান তাদের বেশি টার্গেট করা হচ্ছে। এর ফলে অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের পর অনেক সময় নারীর প্রতি সহিংসতা বেড়ে যায়। তাই এসব ঘটনা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার সহ এনসিপির বিভিন্ন নেত্রী। অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম জাতীয় নারীশক্তি সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন। এতে নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠক, ডা. মাহমুদ আলম মিতুকে সদস্য সচিব এবং মনিরা শারমিনকে আহ্বায়ক করা হয়।



