রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় দোকানে ঢুকে আসলাম খান নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বর্ষণ ও একজনকে স্থানীয়দের সহায়তায় আটকের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকি ক্রোকারিজ’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী আহত আসলাম খান ওই দোকানের মালিক।
শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকার বাসিন্দা আসলাম বর্তমানে রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করেন। ঘটনার সময় দু’জন ব্যক্তি দোকানে প্রবেশ করে এবং একজন সরাসরি আসলামকে লক্ষ্য করে গুলি চলায়।
গুলির আঘাতে আসলাম খানের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং মুখের ডান পাশে মারাত্মক জখম হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা একজনকে ধাওয়া করে আটক করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। তবে অপর হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত আসলামের বন্ধু আনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “ঘটনার সময় দুজন দোকানে প্রবেশ করে। একজন আসলামকে লক্ষ্য করে গুলি করে। আসলামের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং মুখের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা একজনকে আটক করেছে। অন্যজন পালিয়ে গেছে।” তবে ঠিক কী কারণে আসলামের ওপর এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
গুলিবিদ্ধ অবস্থায় আসলাম খানকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, “গুলিবিদ্ধ আসলাম খানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”



