২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৪,৩৪১ জন হাজির হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানান।
ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া সাশ্রয় ও সার্ভিস চার্জ কমে যাওয়ার কারণে মূল হজ প্যাকেজ থেকে বিপুল পরিমাণ অর্থ অবশিষ্ট থেকে যায়। প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ব্যয় শেষে অবশিষ্ট এই ৪ কোটি ৮৭ লাখ টাকা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য অনুযায়ী, হজ প্যাকেজের ধরন ও আবাসনের ব্যবস্থার ওপর ভিত্তি করে হাজিদের ফেরত পাওয়া অর্থের পরিমাণে তারতম্য রয়েছে।
হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা প্রতিজনে ৩৮,৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬,৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাচ্ছেন।
এই প্যাকেজ-১-এর অধীনে দুই সিটের আপগ্রেডেশন সুবিধা নেওয়া হাজিরা ১,৬৪,১৯০ টাকা ৫৬ পয়সা এবং একই সাথে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধাভোগীরা ১,৮০,৫৭২ টাকা৭১ পয়সা ফেরত পাবেন।
এ ছাড়া প্যাকেজ-১-এর তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১,১৮,০৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১,৩১,৭৩৫ টাকা ৫৩ পয়সা পাচ্ছেন।
হজ প্যাকেজ-২-এর অধীনে ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২,৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮,৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন।
এই হোটেলের দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২,৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮,৭১৩ টাকা ১৪ পয়সা ফেরত পাচ্ছেন।
একই হোটেলের তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩,২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৮,৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত দেওয়া হচ্ছে।
প্যাকেজ-২-এর ৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩,৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২,১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪,৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪,১১৯ টাকা ৮৭ পয়সা পাচ্ছেন।
প্যাকেজ-২-এর ৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭,৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫,৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬,২৪১ টাকা ২৪ পয়সা ফেরত পাবেন।
অন্যদিকে সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রতি হাজি পাচ্ছেন ৩,৭১৮ টাকা ৯ পয়সা করে।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী হজ বিমানভাড়া কমানোর বিষয়টিতে আলোকপাত করেন। তিনি নিশ্চিত করেন যে ২০২৬ সালের হজে পূর্ববর্তী বছরের তুলনায় বিমানভাড়া ২৪,৮৩০ টাকা কমানো হয়েছিল।
পাশাপাশি আগামী ২০২৭ সালের হজের প্রাক-প্রস্তুতি তুলে ধরে মন্ত্রী ঘোষণা দেন যে ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।



