বিগত সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সরকারি প্রকল্পে কিছু অনিয়ম ও সন্দেহজনক বিষয় নজরে এসেছে। এসব প্রকল্প তদন্তের আওতায় নেওয়া হয়েছে। কয়েকটি প্রকল্পের তদন্ত ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে।
তিনি জানান, তদন্ত প্রতিবেদন সরকারের হাতে আসার পর প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে সাধারণত একটি নয়, একাধিক কারণ কাজ করে। প্রকল্প প্রণয়ন ও অনুমোদন থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের সমস্যা তৈরি করে।
তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা সরকারের নজরে আসার পর এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।



