দুর্নীতিবাজ ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে দুদকের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর দেশের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।
তিনি দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মামলা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে বলেন।
মামলার দীর্ঘসূত্রিতা কমানোর পাশাপাশি গুরুতর দুর্নীতির অভিযোগ দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দুদক প্রতিনিধিদলের সদস্য কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া ও সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।



