ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে আল আমিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে। মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানি ও র্যাব-১-এর সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে যা বলা হয়েছে
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে গোসল করছিলেন। এ সময় মামলার অপর আসামি জনি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নারীটি বাথরুম থেকে বের হওয়ার সময় বাইরে থাকা আল আমিন তার গলা ধরে পুনরায় তাকে বাথরুমের ভেতরে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, জনি ওই নারীর ভিডিও ধারণ করেন এবং তাকে ধর্ষণ করেন। পরে আল আমিনও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ধর্ষণের সময় ধারণ করা ভিডিও পরে অন্যত্র স্থানান্তর করেন আসামিরা। এরপর ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করা শুরু হয়। পাশাপাশি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হতো বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম তার মোবাইল ফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৮।
রংপুর র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলাটির গুরুত্ব বিবেচনায় প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ ও র্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গুরুতর অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



