যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
গ্রেপ্তারের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অন্যদের ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন ও আলোচিত যুবলীগ কর্মী রূপদিয়ার বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোমেল হোসেনকে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে এবং বিপুল হোসেনকে রূপদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



