জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তার প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাকিস্তান, ভুটান, ক্রোয়েশিয়া, থাইল্যান্ড, হাইতি ও কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জলবায়ু অর্থায়ন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও পার্শ্ব-অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অবস্থান ও বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যু তুলে ধরবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ হবে।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



