পরীক্ষামূলক সংস্করণ

সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল, ১৮ জেলে আটকা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর–সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৮ জন মাঝিমাল্লা আটকা পড়েছেন। গত শনিবার ভোররাতে ইঞ্জিন বিকল হওয়ার পর থেকে তাঁরা সোনারচর–সংলগ্ন মোহনা থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরে অবস্থান করছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আশপাশে থাকা মাছ ধরার ট্রলারগুলোও আটকে পড়া জেলেদের উদ্ধারে এগিয়ে আসতে পারছে না। এদিকে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশকে বিষয়টি জানানো হলেও ঘটনাস্থলে যাওয়ার মতো উপযুক্ত নৌযান, পর্যাপ্ত জনবল ও উদ্ধার সরঞ্জাম না থাকায় এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ট্রলারটির মালিক ও মাঝি হানিফ মিয়ার ছেলে মেহেদী হাসান জানান, শনিবার সকালে তাঁর বাবাসহ ১৮ জন মাঝিমাল্লা ভোলার চরফ্যাশন মাছঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তাঁরা সাগরের মধ্যে আটকা পড়েন।

মেহেদী হাসান বলেন, গতকাল রাত ১০টার দিকে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। হানিফ মিয়া তাঁকে জানিয়েছেন, সাগর বর্তমানে উত্তাল। আশপাশে থাকা কয়েকটি মাছ ধরার ট্রলারকে হাতের ইশারায় সহায়তা চাওয়া হলেও উত্তাল ঢেউয়ের কারণে সেগুলো কাছে আসতে পারেনি।

পরে হানিফ মিয়া তীরে থাকা বন্ধু ও স্বজনদের কাছে মুঠোফোনে সহায়তা চান। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর মতো উপযুক্ত নৌযান, জনবল ও উদ্ধার সরঞ্জাম নেই বলে জানানো হয়।

রাঙ্গাবালী কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, বিপদগ্রস্ত জেলেদের অবস্থান সোনারচর–সংলগ্ন মোহনা থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে। তিনি বলেন, ঘটনাস্থলে যাওয়ার মতো উপযুক্ত নৌযান, জনবল ও উদ্ধার সরঞ্জাম তাঁদের কাছে নেই। সেখানে পৌঁছাতে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে। এ ছাড়া সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে উদ্ধারকারীদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

আমজাদ হোসেন আরও জানান, তাঁদের টহল দল বর্তমানে রাঙ্গাবালী উপজেলা-সংলগ্ন নদী এলাকায় অবস্থান করছে।

রাঙ্গাবালী নৌ পুলিশের ইনচার্জ জায়েদুর রহমান বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। সাগরে থাকা অন্য জেলেদের মাধ্যমে আটকে পড়া মাঝিমাল্লাদের উদ্ধারের চেষ্টা চলছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগিদ দেওয়া হয়েছে।

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...