প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা মামলায় ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আম্বারিন রেজাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
পরোয়ানা জারি হওয়া অন্য চারজন হলেন ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, পান্ডামার্টের পরিচালক ও ভারতীয় নাগরিক মো. তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজেদুল হক।
মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী ও ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির ২০২৫ সালের জুলাইয়ে পৃথক চারটি মামলা করেন। মামলাগুলোতে প্রতারণা, অর্থ আত্মসাৎ, নথি জালিয়াতি এবং পাওনা অর্থ দাবি করার পর ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের দাবি, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্রয়াদেশের বিপরীতে পান্ডামার্টে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার পণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করা হলেও প্রায় ১ কোটি টাকা বকেয়া রাখা হয়।
এজাহারে বলা হয়েছে, বাদীপক্ষ আইপিএলই ইলেকট্রনিকসের মাধ্যমে গৃহস্থালি ও রান্নাঘরের সামগ্রী, মুঠোফোনের অনুষঙ্গসহ বিভিন্ন পণ্য পান্ডামার্টে সরবরাহ করত।
মামলায় অভিযোগ করা হয়েছে, সরবরাহ করা পণ্য নষ্ট হয়েছে দেখিয়ে ‘ভুয়া ফেরত চালান’ তৈরি করে পাওনার পরিমাণ কমিয়ে দেখানো হয়। চুক্তির শর্তের বাইরে ভ্যাট, কর ও বিজ্ঞাপনসহ বিভিন্ন খাত দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা কেটে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট সফটওয়্যার থেকে লেনদেনের তথ্য মুছে ফেলার অভিযোগ করেছেন বাদী।
চার মামলায় মোট ৫ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল বলে বাদীপক্ষ জানিয়েছে।
মামলা হওয়ার পর আদালতের নির্দেশে অভিযোগ তদন্ত করে গুলশান থানা। তদন্ত প্রতিবেদন ও মামলার নথি বিবেচনায় নিয়ে আদালত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশ ও অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।



