হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মোহাদ্দিস খান (২০) ও সতং গ্রামের শেখ নয়ন মিয়া (২০)। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চার যুবক দুটি মোটরসাইকেলে করে চান্দপুর চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত দুজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



