ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার সিলেটে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, মহাসড়কটি চলাচলের জন্য ২০২৯ সালের মাঝামাঝি সময়ে পুরোপুরি প্রস্তুত হবে।
মন্ত্রী জানান, প্রকল্পের কাজের পাশাপাশি দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর সংলগ্ন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের একটি অংশও চার লেনে উন্নীত করা হবে।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম গত ১৯ সেপ্টেম্বর মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করে জানিয়েছিলেন, ২০২৯ সালের জুনের মধ্যে ছয় লেনের মহাসড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ এবং ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ বলে তিনি জানান।
খন্দকার আবদুল মুক্তাদির আরও জানান, সিলেটে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নগরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মুখ শনাক্তকরণ ও রাতের নজরদারি সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি।
সিলেটের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে রিডিং ও নিউমেরেসি দক্ষতা বাড়ানো, কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর আশাবাদ ব্যক্ত করেন।



