গাজীপুরের শ্রীপুরে পৌরসভার উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের নিচে চাপা পড়ে মারাত্মক আহত বদু মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌর এলাকার গরুহাটা মাঠে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চলাকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বদু মুন্সী শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর পরই উপস্থিত স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরমর্শ দেন এবং পরবর্তীতে সেখানে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার সকালে শ্রীপুর পৌরসভার প্রশাসনিক সিদ্ধান্তে গরুহাটা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের অভিযান শুরু করা হয়। পরিচ্ছন্নতার কাজের জন্য একটি ভারি এস্কেভেটর ব্যবহার করা হচ্ছিল এবং কৌতূহলবশত সেখানে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বদু মুন্সী অসাবধানতাবশত যানটির নিচে চাপা পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জনবহুল ও ব্যস্ত এলাকায় উচ্ছেদ অভিযানের মতো ঝুঁকিপূর্ণ কাজে ভারি যন্ত্রপাতি ও এস্কেভেটর ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় সাধারণ পথচারীদের জন্য কোনো প্রকার ন্যূনতম নিরাপত্তা বলয় কিংবা সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যথাযথ নিরাপত্তার অভাব ও তদারকির ঘাটতির কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
একই সাথে পৌরসভার মতো একটি দায়িত্বশীল সরকারি সংস্থার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের সময় কীভাবে একজন বয়োবৃদ্ধ লোক যান্ত্রিক যানটির এত কাছাকাছি এসে দুর্ঘটনার শিকার হলেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে নানা প্রশ্ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গরুহাটা এলাকায় পরিচালিত উক্ত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের তথ্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা পৌরসভার প্রশাসক থানা পুলিশকে পূর্বে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি।



