শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাধ্যমিক ও সমমান পরীক্ষায় যোগ্য হওয়া সত্ত্বেও অসংখ্য শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে। খাতা দেখায় অবহেলার কারণে এমনটি হয়েছে বলে মনে করছেন তিনি।
যোগ্য শিক্ষার্থীদের ফেল করানোর সঙ্গে জড়িত শিক্ষকদের শনাক্ত করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব শিক্ষকের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের বদলি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও নিষ্পত্তি করতে হবে। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে এবং শিগগিরই এ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।
৮১৭ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র না পাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া বাকি রয়েছে। পর্যায়ক্রমে তাদের ভেরিফিকেশন চলছে এবং ঠিকানা-সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি, তাদের বিষয় পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এই কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।
ভেরিফিকেশন প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করা হয়। এ প্রক্রিয়ায় ৩৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল আবেদন পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) মাধ্যমে নিয়োগপত্র ইস্যু করা হয়। ভেরিফিকেশনের সময় অনেকের ঠিকানা পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



