দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন এবং সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে মোট ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



