রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি তাদের অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ, ইউরোপীয় দেশগুলো ও ইইউর মধ্যকার সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ অংশীদারত্ব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ ও সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক আস্থা ও অংশীদারত্ব আরও জোরদারে কাজ করার কথা জানান। বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
বৈঠকে বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ তৈরির বিষয়টি উঠে আসে।
রাষ্ট্রপতি কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউর অব্যাহত ও বর্ধিত মানবিক সহায়তা কামনা করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ইইউর আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন ব্যবস্থাপনা, শিক্ষা, সামুদ্রিক বিষয় ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে মতবিনিময় হয়। গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয়।



