রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট এলাকায় হকারদের সাথে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় পুনরায় ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ, এসআরবি ও প্রশাসনের যৌথ নিরাপত্তার মধ্য দিয়ে হোপ মার্কেট সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পুনরায় শুরু করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশের যৌথ টিম মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এই অভিযান শুরু করে।
অভিযান পরিচালনাকালে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটলে তা উচ্ছেদের জন্য হয়েছে বলে মনে করে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সংগঠিত হয়ে তাণ্ডব চালায় এবং সিটি করপোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয়; একই সাথে তারা পুলিশের গাড়ি ও উচ্ছেদ কাজে ব্যবহৃত ১টি ভেকু (উচ্ছেদকারী যান) ভাঙচুর করে।
হকারদের সহিংসতা ও হামলা থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) নিক্ষেপ করলে পুরো এলাকা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয়।
পরবর্তীতে দুপুরের দিকে পুলিশ হকারদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার্বিক অবস্থা স্বাভাবিক হলে থমথমে পরিবেশেই পুনরায় উচ্ছেদ কাজ হাতে নেয় ডিএনসিসি।
বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা নতুন করে সংঘর্ষ এড়াতে পুরো মিরপুর এলাকা জুড়ে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে।
অভিযান চলার সময় অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সমর্থক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের স্লোগান দিয়ে অভিযানের সমর্থনে সাথে থাকতে দেখা গেছে।



