রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় ৪ নম্বর এজাহারভুক্ত আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় একদল দুর্বৃত্ত হামলা চালায়।
ওই হামলার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিও, নিউ গিনি প্রপার্টিজের মূল আবাসন প্রকল্পের কার্যালয়সহ আশপাশের একাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে।
ঘটনার পর নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতপরিচয়সহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, যেখানে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৪ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ কাঠা জমি এবং ওই এলাকায় চলাচলের সাধারণ রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে নিউ গিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের সঙ্গে গোলাম মহিউদ্দিন চৌধুরীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার পর থেকে তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং এই হামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।



