তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, রোহিঙ্গা সংকট সমাধান, কৃষি, পানি নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সরকারের নানা ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছতা, জবাবদিহি, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। ‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিজিএস-এর সভাপতি জিল্লুর রহমান এবং নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বজুড়ে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং ১,০০০-এর বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন, যার মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব। এই সম্মেলন আগামী ৫ অক্টোবর শেষ হবে।
বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং সরকার এমন একটি সংস্কৃতি তৈরি করবে যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো সত্যিই মানুষের সেবা করবে। দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি বড় বৈশ্বিক দায়িত্ব পালন করছে এবং সরকারের লক্ষ্য হলো দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা। এজন্য অব্যাহত রাজনৈতিক সমর্থন ও বৈশ্বিক অর্থায়নের আহ্বান জানিয়ে তিনি স্মরণ করিয়ে দেন যে, এই সংকটের সূচনা মিয়ানমারে হয়েছিল এবং এর সমাধানও মিয়ানমারেই হতে হবে। এছাড়া দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু কৃষ খাত সম্পর্কে তিনি বলেন, কৃষি প্রযুক্তি, সেচ, অর্থায়ন ও বাজারে কৃষকদের প্রবেশাধিকার উন্নত করা হচ্ছে এবং মৎস্য, গবাদি পশু ও গ্রামীণ উদ্যোগগুলোতে সহায়তা অব্যাহত রাখা হয়েছে। কারণ একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে।
পানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন, পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া এবং তিস্তা মহাপরিকল্পনা তৈরির পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী, যা কৃষি ও জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে সাহায্য করবে। পরিবেশগত সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরে তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) গাছ লাগানো, সৌরশক্তির সম্প্রসারণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব কারখানা উৎসাহিত করার কথা পুনরুল্লেখ করেন। উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ১০০টি লিড-সার্টিফাইড কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। পরিচ্ছন্ন ও সবুজ শহরগুলো বর্জ্য কমাতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



