নীলফামারীতে মাদক মামলার আসামি মো. সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে জড়ো হওয়ার ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে জেলা শহরে এসপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সুজন ইসলাম ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজনের মুক্তির দাবিতে একাধিক ব্যক্তি এসপি কার্যালয়ের সামনে জড়ো হন। পুলিশ তাদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা এসপি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজনকে আটক করে নীলফামারী সদর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ডিমলা উপজেলার পূর্ব দোহলপাড়া এলাকার মো. সুজন ইসলামের (৩৪) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বলেন, মাদক মামলার আসামি সুজনকে মুক্ত করার দাবিতে কিছু ব্যক্তি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, আটকদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।



