মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবুল শিকদার (৫৭) নামের এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এই প্রতিবাদ জানান।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি মধ্যেরচর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত হাবুল আত্মগোপনে চলে যান। এরপর বিষয়টি সালিশ বা আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল।
এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্তের বিচারের দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা হাবুল শিকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং একপর্যায়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
ভুক্তভোগী শিশুটির বাবা ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত তার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে। বিচার না পেয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই পদক্ষেপ নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



