পরীক্ষামূলক সংস্করণ

শাপলা চত্বর মামলা: হাসিনাসহ ৪১ আসামির শুনানি ১ নভেম্বর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী সময় আবেদন করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আবদুস সোবহান তরফদার, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন জানায়, বুধবার মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষ সময় চাওয়ায় এবং রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় ট্রাইব্যুনাল শুনানির জন্য ১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

গ্রেপ্তার ১১ আসামি

মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।

এ ছাড়া সাবেক আইজিপি একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাও মামলার আসামি। তারা বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাসহ অন্যরা পলাতক

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ ছাড়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক র‌্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাও মামলার আসামি।

এর আগে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঠিকানায় গিয়ে সন্ধান না পাওয়ার কথা জানিয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করে।

১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছিল।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মামলায় যেসব অভিযোগ

মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

এখন শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...