কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার স্বার্থে হোটেল থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন।
এদিকে সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সর্বশেষ গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে একাধিক বসতঘর ও দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল দ্য সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগার পর সেখানে অবস্থানরত প্রায় ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় কেউ হতাহত হননি।
এরও আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। ভোরে পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়।
পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটন মৌসুমে কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন স্থাপনাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



