শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন তাঁরা।
শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় তাঁদের মোতায়েন রাখা হয়েছে।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।



