খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বোমাটি সিঁড়ির ওপর পড়ার পর আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



