শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।
মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।
শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



