রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
ওসি খালিদ মনসুর জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকা নিয়ে গঠিত সাবেক সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।



