রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্তাধীন।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
ওসি জানান, রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের খবর পান তাঁরা। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগ সিলেটে। বর্তমানে সেগুলো তদন্তাধীন। তাঁর বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি বলেন, তাঁর বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় নুরুল ইসলাম নাহিদ উত্তরার যে বাসায় অবস্থান করছিলেন, সেটি তাঁর মেয়ের বলে জানান ওসি। তিনি কত দিন ধরে ওই বাসায় ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য।



