রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



