যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথী (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিথীকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের মিরাপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন স্ত্রী তিথীকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথী তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাম হাতের কবজিতে কোপ দেন। এতে কবজিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে তিথীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় স্বামী তাঁর স্ত্রীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানান, প্রথমে ঘটনার বিস্তারিত জানা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী তাঁর স্ত্রীর হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছেন। এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



