পরীক্ষামূলক সংস্করণ

হায়দরাবাদে বোমা হামলার হুমকিতে নিরাপত্তা জোরদার

ভারতের হায়দরাবাদ শহরের কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণের হুমকিসংবলিত ইমেইল পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে জানান, গত ২১ নভেম্বর হায়দরাবাদ সিটি পুলিশের ইমেইল ঠিকানায় হুমকিসংবলিত বার্তাটি পাঠানো হয়। প্রাথমিকভাবে এটিকে ভুয়া বা ‘হোক্স’ হুমকি বলে মনে করছে পুলিশ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে এবং নাগরিকদেরও সচেতন করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইমেইলে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত সন্ত্রাসী হামলার মতো হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হায়দরাবাদের কাচিগুদা রেলওয়ে স্টেশন ও কাছাকাছি একটি হোটেলের নাম উল্লেখ করা হয়েছে। অন্য একটি প্রতিবেদনে হোটেলটির নাম টুরিস্ট প্লাজা বলে উল্লেখ করা হয়েছে।

ইমেইলটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগামে সংগঠনটির কমান্ডার লতিফ ভাট ও তার সহযোগীদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইমেইলটির সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা জানান, ইমেইলটি ভুয়া বলে মনে হচ্ছে এবং এ নিয়ে তদন্ত চলছে।

হায়দরাবাদ সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির খবর পাওয়ার পরপরই সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক স্থানগুলোতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে। তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ নাগরিকদের গুজবে কান না দেওয়া এবং অযাচাইকৃত তথ্য ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি হুমকিসংবলিত ইমেইলটির পেছনে কারা রয়েছে, তা শনাক্ত ও তাদের খুঁজে বের করতে সাইবার ক্রাইম পুলিশ কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...