সুন্দরবনের দুবলারচরে রাস পূর্ণিমার পুণ্যস্নানে যাওয়ার কথা বলে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে তাঁকে আটক করা হয়। এ সময় হরিণ ধরার বিপুলসংখ্যক ফাঁদ উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা অপর চারজন পালিয়ে গেছেন।
আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাষ রায়ের ছেলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, সোমবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে কুতুবখালী বনে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন।
এ সময় বনের ভেতরে হরিণ ধরার ফাঁদ পেতে পাঁচ ব্যক্তিকে অবস্থান করতে দেখেন বনরক্ষীরা। তাঁরা এগিয়ে গেলে ফাঁদ ফেলে শিকারিরা বনের ভেতরে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎ রায়কে আটক করা সম্ভব হয়। অপর চারজন পালিয়ে যান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি ও তাঁর সহযোগীরা রাস পূর্ণিমার উৎসবে অংশ নিতে দুবলারচরে যাওয়ার কথা বলে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্বজিৎ রায়কে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক চারজনকে আটক করতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনরক্ষীদের তল্লাশি অভিযান চলছে।



