ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে পাওয়া গেছে। তবে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ব্যাটারিটি উদ্ধারের পর ভাঙারি ব্যবসায়ী আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ সার্ভিসিংয়ের জন্য স্থানীয় সেকান্দারের গ্যারেজে নেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়।
এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ ব্যাটারিটি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক নিজ উদ্যোগে খোঁজখবর শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আল আমিনের কাছে চুরি হওয়া ব্যাটারিটি খুঁজে পান বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনকে থানায় নেওয়া হয়।
তবে ব্যাটারিটি তাঁর কাছে কীভাবে পৌঁছেছে এবং চুরির ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সুযোগ করে দেওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচায় জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাঙারি ব্যবসায়ী আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।



