রাজধানীর মতিঝিল এলাকা থেকে চুরি হওয়া সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকা থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বাস চুরির বিষয়টি জানান। তিনি জানান, মতিঝিল এলাকা থেকে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস চুরি হয়েছে।
বাসটিতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখা যায়, সেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় চলছিল।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারের জন্য রূপগঞ্জ থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়ির একটি দল পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় অভিযান চালায়।
পুলিশ বাসটিকে ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক বা বাসে থাকা ব্যক্তিরা সেটি সড়কে থামিয়ে পালিয়ে যান।
পরে পুলিশ ‘ঢাকা মেট্রো-ব ১৫-২৩৭৪’ নম্বরের বাসটি উদ্ধার করে আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বাসের মালিকপক্ষ ফাঁড়িতে উপস্থিত হলে যাচাই-বাছাই শেষে তাদের কাছে বাসটি হস্তান্তর করা হয়।



