অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে হতাহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টার মধ্যে দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট সাতটি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগুনের আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।



