অল ক্রাইমস. টিভি ডেস্ক
পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। গত মার্চ মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতারের পর তিনি এই সিদ্ধান্ত নেন। তার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে অসংলগ্নভাবে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে আটক হন ব্রিটনি স্পিয়ার্স। পরে পরীক্ষায় তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। যদিও তখন তাকে সাময়িকভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর তার ম্যানেজার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার এই আচরণ ক্ষমার অযোগ্য। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ব্রিটনির নেওয়া এই পদক্ষেপ তার জীবনে ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ হবে।
বিশ্ব সংগীত ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই শিল্পী গত কয়েক বছর ধরে গান থেকে দূরে আছেন। ২০১৬ সালে তার শেষ অ্যালবাম প্রকাশিত হয়। পরবর্তীতে ২০২২ সালে তিনি এলটন জনের সঙ্গে একটি গান প্রকাশ করে আবারও আলোচনায় আসেন।
২০২৪ সালে তিনি ঘোষণা দেন, তিনি আর কখনোই নিয়মিতভাবে সংগীত জগতে ফিরবেন না। এরপর ২০২৫ সালের শেষের দিকে তিনি তার গানের স্বত্ব প্রায় ২০ কোটি ডলারের বিনিময়ে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন।
২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনী বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে সেই বই নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে, যা পরিচালনা করছেন ‘উইকেড’ খ্যাত পরিচালক জন এম চু।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ব্রিটনি স্পিয়ার্স তার বাবার আইনি অভিভাবকত্বের অধীনে ছিলেন। সেই সময় তার ব্যক্তিগত জীবন, অর্থ ও স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল, যা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি সেই অভিভাবকত্ব থেকে মুক্তি পান।



