অল ক্রাইমস. টিভি ডেস্ক
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায়ই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন। কখনো অভিনয়ের প্রশংসায়, আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা ঘটনার জেরে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।

বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে নাটকটি ঘিরে একটি বিতর্কও সৃষ্টি হয়। শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

যদিও তিশা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি, এটি কোনো ব্যক্তিগত বিষয় ছিল না; বরং চরিত্রের প্রয়োজনেই ওই দৃশ্য ধারণ করা হয়েছিল। কারও প্রতি ইচ্ছাকৃতভাবে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও তারা জানান।

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন তানজিন তিশা। সামাজিক মাধ্যমে প্রায়ই নানা সাজে নিজেকে উপস্থাপন করেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে।

প্রকাশিত ছবিতে তাকে দেখা যায় প্যাস্টেল রঙের কারুকাজ করা একটি শাড়িতে। হালকা গোলাপি শাড়ির সঙ্গে মানানসই ফুলহাতা ব্লাউজ ও গলায় ভারী চোকার তার লুকে রাজকীয় আবহ এনে দিয়েছে। কানের দুল ও খোঁপা করা চুল তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেকআপেও ছিল স্নিগ্ধতার ছাপ— গোলাপি আইশ্যাডো ও লিপস্টিকে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল।

ছবিগুলোতে তার ভিন্ন ভিন্ন ভঙ্গির পোজ নজর কাড়ে। কখনো বসে, কখনো দাঁড়িয়ে মিষ্টি হাসিতে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। কোথাও তার চোখের মায়াবী চাহনিও ফুটে উঠেছে। নিজের এই লুক যে তার খুবই পছন্দ হয়েছে, তা ক্যাপশনেও প্রকাশ পেয়েছে। এক পোস্টে তিনি লিখেছেন, এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি। অন্য একটি পোস্টে তার মন্তব্য— কথায় নয়, কাজেই পরিচয়।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা লাইক ও মন্তব্যে ভরিয়ে দেন পোস্টগুলো। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, তাকে অসাধারণ লাগছে, শাড়িতে দারুণ মানিয়েছে এবং তার এই সাজ একেবারেই অনন্য।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া



