অল ক্রাইমস.টিভি ডেস্ক
ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে বিকল্প স্থান নির্ধারণ করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং জীবিকা নির্বাহে কোনো অসুবিধা না হয়।
সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়। এরপর তাদের পুনর্বাসনের বিষয়টি সামনে আসে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণের পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
এছাড়া রাজধানীর যানজট সমস্যা কমাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ক্লাস শুরুর ও ছুটির সময় বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের খোলা জায়গা ব্যবহার করে পার্কিং ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত সমন্বয় করে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।



