অল ক্রাইমস.টিভি ডেস্ক
নরসিংদীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন সম্ভব হবে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিক্ষাব্যবস্থায় কোনো ভেদাভেদ না থাকে এবং সব স্তরে একটি সমান্তরাল মান বজায় থাকে। তাঁর ভাষায়, “আমরা কারিকুলাম উন্নয়নে নতুনভাবে কাজ করছি, লক্ষ্য হলো একটি আধুনিক ও সমান সুযোগভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।”
তিনি আরও জানান, শিক্ষকদের প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ প্রশিক্ষণ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ না হলে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যাবে না।
ববি হাজ্জাজ বলেন, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিপুল সংখ্যক শিক্ষক থাকায় নীতিমালা একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে এসব সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর দাবি, শিক্ষা মানোন্নয়নে শিক্ষকরা আরও বেশি মনিটরিংয়ের আওতায় আসবেন এবং পুরো ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে।



