পরীক্ষামূলক সংস্করণ

নবীগঞ্জে ৪০০ হেক্টর ধান পানিতে তলিয়ে কৃষকের হাহাকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে টানা দুই দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক ও প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হয়। এর ফলে গুঙ্গিয়াজুড়ি, মকার হাওরসহ একাধিক এলাকায় পাকা ধানক্ষেত পানিতে ডুবে যায়। অনেক জায়গায় ধান কাটার মাঝপথেই পানি উঠে ফসল তলিয়ে গেছে।

নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলার হাওর এলাকায় মোট ২৭ হাজার ৩৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৭ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে বাকি অংশের একটি বড় অংশ এখন পানির নিচে চলে যাওয়ায় কৃষকের ক্ষতির পরিমাণ বাড়ছে।

গুঙ্গিয়াজুড়ি হাওরের কৃষক আব্দুল কাহার চৌধুরী জানান, ধান কাটার সময় হঠাৎ পানি উঠে পুরো ফসল তলিয়ে গেছে। তিনি বলেন, অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছেন, এখন সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

মকার হাওরের কৃষক জুনেদ মিয়া বলেন, তিনি ঋণ করে বোরো ধান চাষ করেছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

নবীগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি জানিয়েছেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওরের প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

প্রধান খবর

আসছে...