অল ক্রাইমস.টিভি ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি প্রজেক্টকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে আগামী ১৫ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তবে সিনেমা হিসেবে মুক্তির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে একজন নারীর সংগ্রাম নিয়ে ছোট পরিসরে একটি প্রজেক্ট হিসেবে কাজটি শুরু হয়েছিল। শুরুতে এটি নাটক হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা টেলিফিল্মে রূপ নেয়।
মৌসুমীর ভাষ্য অনুযায়ী, প্রথমে ঘণ্টার একটি নাটক হিসেবে কাজটির কথা ছিল, যা দুই দিনে শেষ হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শুটিং শেষ হতে তিন দিন সময় লাগে। পরে নির্মাতার অনুরোধে তিনি এটিকে টেলিফিল্ম হিসেবে বিবেচনায় নিয়ে কাজটি শেষ করেন।
অভিনেত্রী বলেন, এখন হঠাৎ করেই তিনি জানতে পেরেছেন যে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে, যা তাকে বিস্মিত করেছে। তার মতে, প্রজেক্টটি কখনোই সিনেমা হিসেবে পরিকল্পিত ছিল না এবং এর পূর্ণাঙ্গ গল্প বা কাঠামো সম্পর্কেও তিনি অবগত নন।
মৌসুমী আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি হতবাক এবং এভাবে প্রেক্ষাগৃহে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীর দাবি করেছেন, এটি শুরু থেকেই একটি সিনেমা প্রজেক্ট ছিল এবং সে অনুযায়ীই মৌসুমীকে সম্মানীর ভিত্তিতে যুক্ত করা হয়েছিল। তার মতে, এটি কখনো নাটক বা টেলিফিল্ম হিসেবে পরিকল্পিত ছিল না।
এ ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে প্রজেক্টের ফরম্যাট পরিবর্তন ও শিল্পীর সম্মতি নিয়ে।



