গাজীপুর মহানগরীর পালেরপাড়া এলাকায় এক নারী পোশাককর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত দুজন শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাজিয়াইল গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। তিনি স্বামী আলম হোসেনের সঙ্গে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মিম আক্তার সংসারের প্রধান উপার্জনকারী ছিলেন। স্বামী আলম হোসেন বেকার থাকায় পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার কয়েকদিন আগে শাশুড়ি জাহানারা বেগমও ওই বাসায় এসে ওঠেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে মুখমণ্ডল, ঘাড়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিমকে হত্যা করা হয়। পরে অভিযুক্তরা তাদের চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে পালিয়ে যান।
পাশের বাসার এক ভাড়াটিয়া সকালে ডাকতে গিয়ে মিমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা জব্দ করে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতের ভাই শহিদুল ইসলাম ওরফে রানা বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।



